নবদ্বীপ মহাশ্মশানে হৃদয়বিদারক ঘটনা, ঠাকুমার শেষকৃত্যের সময় বৈদ্যুতিক চুল্লিতে ঝাঁপ নাতির
নবদ্বীপ, নদিয়া: নদিয়ার নবদ্বীপ মহাশ্মশানে এক হৃদয়বিদারক ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঠাকুমার শেষকৃত্যের সময় আচমকাই বৈদ্যুতিক চুল্লির ট্রলির উপর ঝাঁপ দিয়ে চুল্লির ভেতরে ঢোকার চেষ্টা করেন প্রায় ৩০ বছর বয়সী এক যুবক।
জানা যায়, বৃদ্ধার দেহ বৈদ্যুতিক চুল্লিতে প্রবেশ করানোর ঠিক সেই মুহূর্তে যুবকটি আচমকা ট্রলির ওপর উঠে পড়েন। উপস্থিত শ্মশানকর্মীরা দ্রুত পরিস্থিতি বুঝে চুল্লি বন্ধ করে তাঁকে বাইরে টেনে আনেন। তবে ততক্ষণে তাঁর মুখ ও শরীরের কিছু অংশ পুড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর চিকিৎসা চলছে।
পরিবারের দাবি, ওই যুবক তাঁর ঠাকুমার অত্যন্ত স্নেহভাজন ছিলেন। প্রিয়জনের মৃত্যু মেনে নিতে না পেরে আবেগের বশে এমন কাজ করে থাকতে পারেন। এছাড়াও তাঁর মানসিক সমস্যার কথাও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এই অস্বাভাবিক ঘটনায় নবদ্বীপ মহাশ্মশান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্মশানকর্মীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।